আব্বু আম্মুকে নিয়ে দুই ঘন্টা হারামাইনের লাইভ দর্শন
মক্কা ও মদীনার সরাসরি সম্প্রচার, আব্বু-আম্মুর স্মৃতিচারণ এবং হৃদয়ে যিয়ারতে হারামাইনের তীব্র আর্তি।
আব্বু আম্মুকে নিয়ে প্রায় দুই ঘন্টা হারামাইনের লাইভ দেখলাম। উদ্দেশ্য, যেনো মনের ভেতর যিয়ারতে হারামাইনের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়। প্রথমে মক্কার লাইভ দেখলাম। হাজীগণ তাওয়াফে যিয়ারত করছেন। কী দারুণ শুভ্রময় দৃশ্য। ক্যামেরা যখন একেক এঙ্গেল থেকে একেকভাবে দৃশ্য ধারণ করছিল, আব্বু আম্মু তাদের স্মৃতি রোমন্থন করছিলেন। দেখিয়ে দিচ্ছিলেন কোনদিক দিয়ে সাফা-মারওয়ায় যায়, কোনটা কোন পাহাড়। কোন স্থাপনটা ওনারা আসার পর হইল ইত্যাদি ইত্যাদি। মনে হচ্ছিল যেন মাত্রই ওনারা সফর থেকে আসলেন। আর আমাদেরকে দাস্তান শোনাচ্ছেন।
তারপর দেখলাম পাক মদীনার সরাসরি সম্প্রচার। ব্যাকগ্রাউন্ডে রিয়াজুস সালেহীনের তেলাওয়াত হচ্ছিল। যেন কেউ হুবহু রাসূলের বিবরণী তুলে ধরতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বু হাত দিয়ে দিয়ে দেখাইতেছিলেন– কোনটা কার কবর। নবীজির কোন পাশে আবু বকর আর কোন পাশে উমর রা.। পাশেই নাকি হযরত ঈসা আলাইহিস সালামের জন্যে জায়গা রাখা আছে। দেখছিলাম হযরত আবু আউয়ুব আনসারী রা. এর ঘরের সীমানা। মসজিদের কোন অংশ নবীজির সময়কার, আর কোন অংশ পরবর্তীতে বাড়ানো হয়েছে। দেখছিলাম আর মনে মনে মদীনায় হেঁটে বেড়াচ্ছিলাম। আর কতকাল এভাবে কল্পনায় ভেসে বেড়াব মাবুদ! মনের এতটুকু তীব্র বাসনা কী যথেষ্ট নয় সরাসরি হাজিরা দেয়ার!
আল্লাহ তুমি দ্রুত বাইতুল্লাহ এবং মাদীনাতুর রাসূলের যিয়ারত নসিব করো!
২৯। ০৫। ২০২৬
শুক্রবার